হাসিনার পালানোর দিন মোছা হয় এক হাজার কলরেকর্ড: তদন্তে জানালেন বিশেষ কর্মকর্তা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম
২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার সময় গণঅভ্যুত্থান দমানোর নির্দেশনা মোবাইলে দেওয়ার সকল রেকর্ড মোছা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা সোমবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছেন।
তদন্ত কর্মকর্তার তথ্য অনুযায়ী, ঢাকায় তখন এনটিএমসির তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসান নির্দেশ দেন, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারটি ফোন নাম্বারের মালিকানা তথ্যসহ প্রায় এক হাজার কলরেকর্ড মুছে ফেলা হয়। একই সঙ্গে মোছা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং একজন পরিকল্পনা মন্ত্রীর কলরেকর্ডও।
তানভীর জোহা জানান, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা মোট চারটি ফোন ব্যবহার করতেন। ৫ আগস্ট সন্ধ্যায় ওই নাম্বারগুলোর তথ্য মুছে ফেলার কাজ সম্পন্ন করা হয়। এনটিএমসির তৎকালীন মহাপরিচালকের নির্দেশে ওপেন সোর্সের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত একজন কর্মী এই কাজটি করেছেন।
বিশেষ তদন্ত কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে শনাক্ত চারটি নম্বরই শেখ হাসিনার। এই মোছা ডিজিটাল প্রমাণ উদ্ধারের জন্য কাজ চলছেই।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার ফোনালাপ থেকে জানা গেছে, তিনি মারনাস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলি করার মতো নির্দেশনা দিতেন। আন্দোলন দমন ও হতাহতের তথ্য গোপন করতে ইন্টারনেটও বন্ধ করা হয়েছিল। ফলে শেখ হাসিনাকে অনেকের সঙ্গে ফোনে যোগাযোগ রাখতে হয়েছিল।