শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তপনা বন্ধের আহ্বান ধর্ম উপদেষ্টার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে যে ধরনের দুর্বৃত্তপনা চলছে তা বন্ধ করতে হবে। বুধবার ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ড. খালিদ হোসেন বলেন, “আমি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি পছন্দ করি না। ভারতের বা ইউরোপসহ অন্যান্য দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নেই। রাজনীতিকরা রাজনৈতিক স্বার্থে ছাত্র-ছাত্রীদের ব্যবহার করছে।”
তিনি আরও উল্লেখ করেন, আধুনিক শিক্ষার নামে মাদ্রাসা শিক্ষায় কোরআন ও হাদিসের প্রথাগত শিক্ষা কোণঠাসা হয়ে গেছে। তার মতে, মাদ্রাসা শিক্ষা বিশেষায়িত শিক্ষা হওয়ায় আধুনিকতার পাশাপাশি কোরআন, হাদিস ও ফেকাহের ভিত্তি অক্ষুণ্ণ রাখা জরুরি।
নির্বাচন প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা জানান, এবারের ভোট দিনের বেলায় অনুষ্ঠিত হবে, রাতে নয়, এবং অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ভোট পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করছে। তিনি বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠায় ৫৪ বছর পর এই সুযোগ এসেছে, যা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।”