দলীয় প্রভাব বা জোরজবরদস্তি নয়, রাষ্ট্র চলবে আইনের শাসনে: প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের দুর্নীতি ও দুঃশাসনে ভঙ্গুর অর্থনীতি এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্র পরিচালনায় দলীয় প্রভাব বা জোরজবরদস্তির কোনো স্থান নেই—আইনের শাসনই হবে শেষ কথা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের দুর্নীতি, অনিয়ম ও দুঃশাসনের ফলে দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে। এ প্রেক্ষাপটে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন তিনি। জুয়া ও মাদকের বিস্তার সামাজিক অস্থিরতা ও অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের জানমাল রক্ষা ও নিরাপদ সমাজ গঠনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিধিবদ্ধ নীতি ও নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। কোনো রাজনৈতিক চাপ, দলীয় প্রভাব বা ব্যক্তিগত ক্ষমতার অপব্যবহার বরদাশত করা হবে না।

ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970