পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম
সরকার দেশের নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নিয়োগ দিয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে ২০২২ সালের ১৭ নভেম্বর সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল তৎকালীন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মো. আলী হোসেন ফকিরকে। সে সময় তিনি খুলনা ৩য় এপিবিএনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়।
তৎকালীন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য মো. আলী হোসেন ফকিরকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা আলী হোসেন ফকিরের গ্রামের বাড়ি বাগেরহাটে। কর্মজীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এ দায়িত্ব পালন করেছেন। এছাড়া নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।