শেখ হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ১২ মার্চ। শুরুর দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন। এবারের ভাষণে গুরুত্ব পাবে শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের দুর্নীতি, অনিয়ম ও অপশাসন।

ভাষণে উঠে আসবে ছাত্র-জনতার জুলাই আন্দোলনসহ মানবতাবিরোধী অপরাধের বিবরণ। পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণে বর্তমান ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী ইশতেহারের বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।

সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। ভাষণটি রাষ্ট্রপতি নিজেই তৈরি করেন না; মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে তথ্য সংগ্রহ করে খসড়া তৈরি করে। পরে মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন দিয়ে রাষ্ট্রপতি সংসদে পাঠ করেন।

ত্রয়োদশ সংসদের জন্য ভাষণের খসড়া প্রাথমিকভাবে বিদায়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে তৈরি করা হয়েছিল। ভাষণের দৈর্ঘ্য প্রায় দেড়শ পৃষ্ঠার হতে পারে। তবে রাষ্ট্রপতি পুরো ভাষণ পড়বেন না; মূল অংশই সংসদে পাঠ করা হবে।

ভাষণে বিশেষভাবে অন্তর্ভুক্ত থাকবে ভোটারবিহীন ও প্রহসনের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার অগণতান্ত্রিক শাসনের বিবরণ, বিরোধী দলের ওপর নিপীড়ন, গুম, খুন ও বিভিন্ন মানবতাবিরোধী কর্মকাণ্ডের খতিয়ান। এছাড়া ২০২৪ সালের জুলাই বিপ্লব ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের বিষয়ও উল্লেখ থাকবে।

বিরোধী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ১২ মার্চ অধিবেশন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে অতিরিক্ত মন্তব্য করতে রাজি হননি।

গত দ্বাদশ সংসদ অধিবেশনের রাষ্ট্রপতি ভাষণে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বের প্রশংসা করা হয়েছিল। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তখন দেশের গণতান্ত্রিক নির্বাচনের সাফল্য এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণের বিষয়ও তুলে ধরেন।

ভাষণে জাতীয় উন্নয়ন, সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা, দেশি ও বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করা এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা অন্তর্ভুক্ত ছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970