রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহত শিশুর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি রামিসার বড় বোনের ভবিষ্যতের পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মিরপুর-১১ নম্বরে রামিসাদের বাসায় যান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি শোকাহত পরিবারকে ধৈর্য ধরার আহ্বানও জানান।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রামিসাদের বাসা ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

এদিকে, শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। আন্দোলনকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার কার্যক্রম সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক তদন্তে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের পর সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

শিশু রামিসা হত্যার ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ও পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970