খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব গণমাধ্যমে এক বার্তায় জানান, খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি।
এদিকে শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থার খোঁজ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা “স্থিতিশীল নয়”। তিনি বলেন, দূরত্ব বজায় রেখে কথা বলার চেষ্টা করলে খালেদা জিয়া তাদের চিনতে পেরেছেন এবং সালামের জবাবও দিয়েছেন।
চিকিৎসক সূত্রে জানা গেছে, প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের ধারাবাহিক নজরদারিতে সিসিইউতে চলছে তার চিকিৎসা।