হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম, আজ শাহবাগে কর্মসূচি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ এএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে অন্তর্বর্তী সরকারের কাছে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে প্রতিরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। হাদির শারীরিক অবস্থা শঙ্কাজনক উল্লেখ করে তিনি প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থারও দাবি জানান।

এদিকে শুক্রবার রাত ১০টার দিকে হাদির চিকিৎসার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা—সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান ও ফাওজুল কবির খান। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও হাসপাতালে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় তাঁর ওপর গুলি চালানো হলে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970