জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন পরিচিত নেতারা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:০৯ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ঘোষিত ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটির আমির ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়ার সাংগঠনিক কাজ এগিয়ে চলছে।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি অনুষ্ঠিত একটি বৈঠকে সম্ভাব্য কাঠামো ও দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী বাজেট অধিবেশনের আগেই এ বিষয়ে পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ করা হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

দলটির নেতারা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধান বিরোধী দলের অবস্থানে যাওয়ার পর থেকেই ছায়া মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়। এর মূল উদ্দেশ্য হলো সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিকল্প নীতিগত অবস্থান উপস্থাপন করা।

সম্প্রতি জাপান সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান এই পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন। দেশে ফেরার পর বিষয়টি সাংগঠনিক পর্যায়ে আরও এগিয়েছে বলে দলীয় সূত্র জানায়।

সূত্র অনুযায়ী, সম্ভাব্য কাঠামোয় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নেতাদের অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। পাশাপাশি সাবেক ছাত্রশিবির নেতাদেরও যুক্ত করার আলোচনা চলছে।

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদেরও এই কাঠামোয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

দলীয় নেতারা জানান, প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী দায়িত্ব পালন করবেন। তারা সংশ্লিষ্ট খাতের নীতি, বাজেট ও কার্যক্রম বিশ্লেষণ করে দলীয় অবস্থান তুলে ধরবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কার্যকর ছায়া মন্ত্রিসভা সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের জবাবদিহিতা ও নীতিগত প্রস্তুতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে এ ধরনের কাঠামো দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970