গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির ২ আসনে সমঝোতা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণ অধিকার পরিষদের মধ্যে দুটি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাধ্যমে এ বিষয়ে প্রাথমিক ঐকমত্যে পৌঁছানো হয়।
বৈঠকসংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে ছাড় দেওয়ার বিষয়ে বিএনপি সম্মত হয়েছে। তবে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তারা নিজ নিজ দলের প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
এ বিষয়ে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও মিডিয়া সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপির সঙ্গে বৈঠকে তারা মোট ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন। এর বিপরীতে বিএনপি আপাতত দুটি আসনে সমঝোতার বিষয়ে সম্মতি জানিয়েছে।
তিনি আরও বলেন, এই সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। সোমবার দলের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।