রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও দুই মাসের ছাড় দিল যুক্তরাষ্ট্র
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম
রাশিয়া থেকে জ্বালানি তেল ও তেলজাত পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে আরও ৬০ দিনের জন্য বিধিনিষেধ শিথিলের সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে রাশিয়ার জ্বালানি পণ্য আমদানিতে আগে আরোপিত সীমাবদ্ধতা সাময়িকভাবে শিথিল থাকবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড় আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে।
এর আগে ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়।
এরও আগে গত ১২ মার্চ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রাশিয়ার অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের লেনদেনে ৩০ দিনের জন্য ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয় ১১ এপ্রিল।
নতুন করে দেওয়া এই ৬০ দিনের ছাড়ের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থির পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সাময়িক স্বস্তি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।