চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পিএম
চট্টগ্রামে সাবেক মেয়র এম মনজুর আলমের বাসায় গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরে প্রায় এক ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দুটি গাড়িতে করে হাসনাত আবদুল্লাহ মনজুর আলমের বাসায় পৌঁছালে তার উপস্থিতির খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এরপরই সেখানে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে তারা বাড়ির মূল ফটক ঘিরে বিক্ষোভ শুরু করেন এবং তাকে অবরুদ্ধ করে রাখেন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অবরুদ্ধ অবস্থায় বিক্ষোভকারীরা হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ করে নানা প্রশ্ন তোলেন। তারা জানতে চান, কেন তিনি স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বৈঠক করতে এসেছেন এবং আওয়ামী লীগের একজন নেতার বাসায় তার উপস্থিতির কারণ কী। এ সময় তারা স্লোগানও দেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসনাত আবদুল্লাহ বাইরে এসে বিক্ষোভকারীদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন। এরপর পুলিশের উপস্থিতিতে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি।
জানা গেছে, এম মনজুর আলমের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন এবং টানা চারবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বও পালন করেন।
২০১০ সালে তিনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন এবং ওই বছরের সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হন। পরে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
তবে ২০১৫ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন তিনি। এরপরও বিভিন্ন সময়ে তাকে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় দেখা গেছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর তিনি আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়ার চেষ্টা করছেন।