ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নির্বাচনী লড়াইয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১:৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে ফরম সংগ্রহ করেন।
গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি—আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম—পদত্যাগ করেন।
ঢাকা-১০ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার, যিনি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দেওয়া আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দেবেন তা নিয়ে বিভিন্ন গুঞ্জন ছিল। কিছু খবর ছিল তারা এনসিপিতে যোগ দেবেন বা গণঅধিকার পরিষদে গিয়ে বিএনপি জোটের প্রার্থী হবেন। তবে আসিফ গত ১২ ডিসেম্বর জানান, তিনি কোনো দলের নয় এবং ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।