‘জেন জি’ বাংলাদেশের জন্য তোমাদের দাঁড়াতে হবে, বলতে হবে ‘আমিই হাদি’

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম

ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

দেশের ‘জেন জি’ বা যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শরিফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন এক লড়াকু। বাংলাদেশের যুবকদেরও আজ তার মতো সাহসী হয়ে দাঁড়াতে হবে এবং বলতে হবে, ‘আমিই হাদি’।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর আয়োজনে ‘হ্যালো আওয়ার লিডার’ শীর্ষক সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তর অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানে ছাত্র, তরুণ ও যুবকদের ব্যাপক উপস্থিতি ছিল।

ডা. শফিকুর রহমান বলেন, “শুধু বয়স কম হলেই কেউ যুবক হয় না। ২২ বছর বয়সে সামান্য বাধায় পিছিয়ে যাওয়া মানেই মানসিকভাবে বৃদ্ধ হয়ে যাওয়া। আমরা সেই তারুণ্যের বাংলাদেশ চাই, যারা দৃঢ় ও আপসহীন থাকবে।”

তিনি ১৯৪৭ থেকে ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন, ইনসাফ, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা সব সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন দাবিতে প্রতিবাদে ফুঁসে ওঠা যুবসমাজের সাহস জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন।

শরিফ ওসমান হাদির প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাদির অপরাধ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন থাকা। উত্তাল সময়ে হাদি যুবসমাজের সঙ্গে মিশে তাদের কণ্ঠস্বর হয়ে ওঠেন এবং অনেককে প্রেরণা দিয়েছিলেন। তিনি বলেন, হাদি বেঁচে থাকলে জাতির জন্য আরও অনেক কাজ করতেন।

ডা. শফিকুর রহমান তরুণদের উদ্দেশে বলেন, ‘হাদি নেই—এখন কি তোমরা বলতে পারো, আমি দাঁড়িয়েছি, আমি আছি?’ উপস্থিত সবাই একযোগে সাড়া দেয়, ‘হ্যাঁ, পারব।’

তিনি জাতীয় পর্যায়ের গণতন্ত্র রক্ষায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে শোক প্রকাশ করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970