নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত-এনসিপির জোট অনেক এগিয়ে: নাহিদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
ঢাকা-১১ আসনের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির জোটের তুলনায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট অনেক এগিয়ে রয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, “ইইউকে জানানো হয়েছে যে, লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের মধ্যে এখনও আত্মবিশ্বাসের অভাব রয়েছে।”
এছাড়া তিনি অভিযোগ করেন, “বিশেষ কিছু দলের সুবিধার জন্য সিগন্যালিং করা হচ্ছে। ঋণ খেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হচ্ছে, এবং নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে।” তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের বিচার না হওয়ায় নির্বাচনী প্রচারণার মাঠে নিরাপত্তাহীনতা বাড়ছে বলেও মন্তব্য করেন নাহিদ। তিনি বলেন, “নিরাপত্তাহীনতার মধ্য দিয়েই আমরা মাঠে কাজ করে যাব, তবে জামায়াত-এনসিপির জোট নির্বাচনী প্রস্তুতিতে অনেক এগিয়ে।”