খুব বিপদে আছি, কোথাও গেলে এক পাশে যুবদল দাঁড়ায়, আরেক পাশে ছাত্রদল: নাসীরুদ্দীন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তিনি এখন খুব বিপদের মধ্যে আছেন। দিনের বেলায় কোথাও গেলেই এক পাশে যুবদলের লোকজন, আরেক পাশে ছাত্রদলের নেতাকর্মীরা এসে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা এসে দাবি তোলে- ভাই, আপনি এটা করেন না কেন? তখন আমি জিজ্ঞেস করি, আপনারা কোন দলের? তারা বলে, কোনো দলই করে না। কিন্তু একটু খোঁজ নিলেই দেখা যায়, কেউ যুবদলের সেক্রেটারি, কেউ আবার ছাত্রদলের আহ্বায়ক। এরপর আর তাদের খুঁজে পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা-৮ আসনে নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ ও নিরাপদ নগরী গড়ে তোলার অঙ্গীকার করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন নিশ্চিন্তে থাকতে পারে, পুষ্টিকর খাবার পায় এবং শান্তিতে ঘুমাতে পারে— এমন পরিবেশ নিশ্চিত করা হবে। একই সঙ্গে স্কুল-কলেজে ভর্তি বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পিজি ও বারডেম হাসপাতালে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী ও স্বজনের ভিড়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব এলাকায় মানসম্মত খাবারের হোটেল ও থাকার উপযুক্ত ব্যবস্থা না থাকায় মানুষ চরম ভোগান্তিতে পড়ে। এসব সমস্যার দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

রমনা ও শাহজাহানপুর এলাকার দীর্ঘদিনের পানি, বিদ্যুৎ, সড়ক ও মাদক সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দখল হওয়া সরকারি জমি উদ্ধার করে শিশুদের জন্য খেলার মাঠ এবং বয়স্কদের জন্য হাঁটা ও ব্যায়ামের উপযোগী পার্ক গড়ে তোলা হবে।

এ ছাড়া কাঁচাবাজার আধুনিকায়ন, পলাশী মার্কেটের মতো বহুতল মার্কেট নির্মাণ, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, যানজট কমানো ও পরিবেশদূষণ রোধে কাজ করার কথাও জানান তিনি।

তিনি বলেন, অনেকে অভিযোগ করছেন—আমি নাকি শুধু মির্জা আব্বাসের বিরুদ্ধেই কথা বলি। কিন্তু আমি কী করতে চাই, সেই পরিকল্পনাগুলোই আজ তুলে ধরেছি। এগুলো কি মানুষের জন্য ভালো ও আশাব্যঞ্জক প্রতিশ্রুতি নয়—এই প্রশ্নও রাখেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970