নরসিংদীতে আধিপত্য বিরোধে সংঘর্ষে যুবদল নেতা নিহত, অন্তত ১০ জন আহত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পিএম
নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সাদেক মিয়া আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রুপ মিয়ারের ছেলে। এলাকায় আধিপত্য বিস্তার ও মেঘনা নদী থেকে বালু উত্তোলন নিয়ে সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম এবং ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম এর মধ্যে দ্বন্দ্ব চলছিল।
জানা গেছে, চলতি মাসের ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট আসাদ আলী ও তার সমর্থকরা বিএনপির পক্ষের সমর্থন নিয়ে এলাকায় প্রবেশ করলে পূর্বের সংঘর্ষের সূত্র ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। সোমবার সকালে সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে সাদেক মিয়া গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয় হাসপাতালসহ সদর হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
নরসিংদী মডেল থানার ওসি মো. এমদাদ হোসেন জানান, “এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
এর আগে আলোকবালী ইউনিয়নে একই ধরনের সংঘর্ষে দুইজন—ইদন মিয়া ও ফেরদৌসী বেগম—নিহত হয়েছেন। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে।