প্রকাশের পরদিনই সরানো হলো জামায়াতের নতুন লোগো
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন লোগো উন্মোচনের পরপরই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। তবে মাত্র একদিনের মাথায় দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লোগোটি সরিয়ে ফেলার ঘটনায় আবারও বিতর্ক তৈরি হয়েছে।
গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় দলীয় কার্যালয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের বৈঠকের ছবি প্রকাশ করা হয়। সেই ছবিতেই প্রথমবারের মতো নতুন লোগো দেখা যায়।
লোগোতে সবুজ রঙের পটভূমিতে খোলা গ্রন্থের ওপরে উদীয়মান সূর্য, সূর্যের কেন্দ্রে কলম ব্যবহার করা হয়েছে—যা দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ডকে প্রতীকায়িত করে। গ্রন্থের দুই প্রান্ত থেকে একটি অর্ধবৃত্ত বিস্তৃত হয়ে আছে। নিচে সোনালি অক্ষরে লেখা ছিল “বাংলাদেশ জামায়াতে ইসলামী” এবং এর সঙ্গে আরবি ও ইংরেজি অনুবাদও যুক্ত করা হয়।
কিন্তু সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি ও কাউন্সিলর জিগড্রেল ওয়াই শেরিং-এর সঙ্গে জামায়াত আমিরের বৈঠকের ছবি প্রকাশিত হলে দেখা যায়, আগের দিনের নতুন লোগো আর সেখানে নেই। জায়গাটি ফাঁকা রাখা হলেও কেবল সোনালি অক্ষরে “বাংলাদেশ জামায়াতে ইসলামী” লেখা ছিল।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “রাজনৈতিক দলের লোগো পরিবর্তন হতেই পারে। আলোচনা চলছে। রোববার বৈঠকে প্রদর্শিত লোগোটি আসলে প্রস্তাবিত একটি লোগো। এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।”
অন্যদিকে সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম দাবি করেন, “রোববার যে লোগো প্রকাশিত হয়েছিল তা ভুলবশত সামনে এসেছে। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”আগের লোগো
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আগের লোগোতে গম্বুজ আকৃতির কাঠামোর ভেতরে আরবি হরফে “আল্লাহ” লেখা ছিল। এর সঙ্গে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং নিচে লেখা ছিল “আকিমুদ দ্বিন” (দ্বীন কায়েম করো)।