রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক উপায়ে সরানোর প্রক্রিয়া শুরু করা উচিত: নাহিদ ইসলাম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে নিয়মতান্ত্রিক উপায়ে অপসারণের প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রামপুরার উলন এলাকায় হত্যাকাণ্ডের শিকার শিশু তাসলিমা আক্তারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী পূর্বে দেশে দলবদ্ধ বিশৃঙ্খলা থাকবে না বলে মন্তব্য করেছিলেন। তবে বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকে দলবদ্ধভাবে চাপ সৃষ্টি করে গভর্নরকে সরিয়ে দেওয়া হয়েছে। একইভাবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থার সম্পাদককেও অপসারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নরসিংদীতে ধর্ষণের একটি ঘটনা সামনে এসেছে। পাশাপাশি নোয়াখালীর হাতিয়ায় শাপলা প্রতীকে ভোট দেওয়ার জেরে সংঘটিত ধর্ষণের ঘটনা গণমাধ্যমে আড়াল করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সংশ্লিষ্ট মামলা এখনও চলমান রয়েছে বলেও জানান।
সারাদেশে শাপলা প্রতীকে ভোট দেওয়ার কারণে বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তারা সন্তুষ্ট নন। তার ভাষ্য, আইনশৃঙ্খলা শক্তিশালী থাকলে এবং মানুষ ন্যায়বিচার পেলে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হতো না।
সংসদ অধিবেশন ও রাষ্ট্রপতির বিষয়ে পদক্ষেপ নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতির সময় ফুরিয়ে গেছে। সংবিধানসম্মত ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে অপসারণের যে বিধান রয়েছে, তা দ্রুত শুরু করা উচিত। এ বিষয়ে তাদের দল সক্রিয় ভূমিকা রাখবে বলেও জানান তিনি। পাশাপাশি সরকারি দলের কাছ থেকেও একই ধরনের উদ্যোগ প্রত্যাশা করেন।