মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড মির্জা আব্বাসের শারীরিক অবস্থা পর্যালোচনা করে মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী কিছুক্ষণ আগে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
ডা. রফিকুল ইসলাম বলেন, সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়। ওই রিপোর্টে অবস্থার কিছুটা অবনতি ধরা পড়লে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বৈঠকে বসে। পরে বিস্তারিত পর্যালোচনার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মেডিকেল বোর্ডে দেশের খ্যাতনামা নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা যুক্ত আছেন।
এর আগে জুমার নামাজের পর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়।
এদিকে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।