রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি লালন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫ এএম
ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আউয়াল খান লালন সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার দুপুরে তিনি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান। আউয়াল খান লালন ফরিদপুর শহরের আলিপুর এলাকার মৃত আলী খানের সন্তান।
ওই পোস্টে তিনি লেখেন, এখন থেকে তিনি কোনো রাজনৈতিক দলের পরিচয় বহন করতে চান না এবং কোনো রাজনৈতিক নেতার সঙ্গে সম্পৃক্ত থাকবেন না। তিনি আরও লেখেন, এই সমাজে তার মতো মানুষের প্রয়োজন নেই। কোনো রাজনৈতিক ব্যক্তি যেন কোনো প্রয়োজনে তাকে স্মরণ না করেন বলেও অনুরোধ জানান তিনি।
তিনি দাবি করেন, দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি নানা নির্যাতন সহ্য করেছেন এবং জেল খেটেছেন। তবে রাজনৈতিক জীবনে কোনো অনৈতিক কাজে জড়িত না থাকলেও দলীয়ভাবে প্রত্যাশিত সহায়তা পাননি। এমনকি টেন্ডার প্রক্রিয়ায় নিজের অর্থ ব্যয় করেও কোনো সুবিধা পাননি বলে অভিযোগ করেন তিনি। এসব কারণে ক্ষোভ ও অভিমান থেকেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান লালন।
এ বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস বলেন, লালন জেলা কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তবে এখন পর্যন্ত তিনি কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেননি। পদত্যাগপত্র পেলে সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।