খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন: মেডিকেল বোর্ড
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বুকে ইনফেকশনসহ হার্ট ও ফুসফুসে জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। রোববার (২৩ নভেম্বর) রাতে তার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট জানান বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ১২ ঘণ্টা তার জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, গত কয়েক মাস ধরে খালেদা জিয়া ঘনঘন অসুস্থ হচ্ছেন এবং একাধিক জটিলতায় ভুগছেন। তাই জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এবং দ্রুত চিকিৎসা চলছে। আগামী ২৪ ঘণ্টা পর অতিরিক্ত পরীক্ষা করা হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, তিনি কতদিন হাসপাতালে থাকতে পারেন, তা এখনই বলা কঠিন। সবকিছু নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর।
মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইফুল ইসলাম, ডা. জিয়াউদ্দিন, ডা. জাফর আহমেদ ও ডা. মামুন আহমেদ।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে সেখানে ভর্তি করা হয়।