জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন: ফজলুর রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:৩৯ এএম

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, তাকে নিয়ে ছড়ানো একটি টাইটেল “ফজা পাগলা” জামায়াত-শিবিরের প্রচারণার অংশ।

তিনি দাবি করেন, যারা তাকে এ নাম দিয়েছে তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী। তিনি আরও বলেন, “তাদেরকে যদি ভোট দেন, তাহলে আপনারা আমার মৃতদেহ পাবেন।”

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান আরও অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে তাকে নানা ধরনের কটূক্তির শিকার হতে হচ্ছে। তিনি বলেন, “আমার অপরাধ কি? আমি তো শুধু মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্যের প্রতিবাদ করেছি। তারা যখন বলতে শুরু করল ১৯৭১ সালে নাকি কোনো মুক্তিযুদ্ধ হয়নি—তখন তিন দিন অপেক্ষা করেছি। পরে জীবন-মৃত্যুর ঝুঁকি নিয়ে প্রতিবাদ জানিয়েছি।”

তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধেই তিনি সোচ্চার থাকবেন। তার ভাষায়, “মুক্তিযুদ্ধ আছে, থাকবে। কেউ যদি এটিকে শেষ করতে চায়, তবে তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই চলবে।”

কর্মী সম্মেলনে অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিনী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970