খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন জাতীয় পার্টির নেতারা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একদল নেতা। দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী সেখানে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে একই দিন সকালে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির পক্ষ থেকেও এক বিবৃতি দিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা জানানো হয়।

গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী সমঝোতা এবং অন্তর্বর্তী সরকারের সমর্থন দেওয়া নিয়ে জাতীয় পার্টিকে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনের পর ছাত্রনেতৃত্বের আপত্তির কারণে সরকার দলটির সঙ্গে বৈঠক বন্ধ করে দেয়। এ ছাড়া জি এম কাদেরের দলের কার্যালয়ে একাধিকবার হামলার ঘটনাও ঘটেছে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে।

যদিও জাতীয় পার্টি নেতারা বলছেন, আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের দায় তাদের নয়। তাদের মতে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয় না এবং দেশে বিরোধীদল হিসেবে জাতীয় পার্টির টিকে থাকা বিএনপিরও দায়িত্ব।

দলের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া জানান, জি এম কাদেরের নির্দেশে হাসপাতাল সফরটি করা হয়। প্রতিনিধি দলে ছিলেন শামীম হায়দার পাটওয়ারী, হাজী সাইফুদ্দিন আহমদ মিলন, আব্দুর রশিদ সরকার ও আলমগীর শিকদার লোটন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও ডা. এ জে এম জাহিদ হোসেনও সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে দলীয় দ্বন্দ্বের কারণে গত আগস্টে ছয় বারের মতো ভাঙনের মুখে পড়ে জাতীয় পার্টি। আনিসুল ইসলাম মাহমুদ এবং তাঁর নেতৃত্বাধীন অংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এক বিবৃতিতে জানান, একসময় তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন এবং খালেদা জিয়ার সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁর অসুস্থতার খবর তাদের গভীরভাবে মর্মাহত করেছে।

বিবৃতিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আরও বলা হয়, রাজনীতি মানবিকতা, উদারতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ, যা খালেদা জিয়া আজীবন অনুসরণ করে এসেছেন। তাঁদের বিশ্বাস, মানুষের দোয়া ও প্রার্থনায় তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের সেবায় ফিরতে সক্ষম হবেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970