এনসিপিকে বয়কট করে বিএনপিতে ঢুকতে চান হাত হারানো সেই আতিক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম
হাত হারানো আলোচিত ‘জুলাই যোদ্ধা’ আতিকুল গাজী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বয়কট করে বিএনপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। রোববার (৭ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলা থেকেই তার পছন্দের দল বিএনপি।
আতিকুল গাজী বলেন, “শেখ মুজিবের রাজনীতির ইতিহাস শুনেছি, খুনি হাসিনার রাজনীতি নিজের চোখে দেখেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনীতির ইতিহাস আমার কাছে স্পষ্ট। তাই বিএনপির রাজনীতি আমার কাছে উত্তম মনে হয়েছে।”
তিনি আরও জানান, ৫ আগস্টের পর বিএনপির রাজনীতি কিছুটা ভিন্ন ছিল, তাই আগে মুখ ফুটে পছন্দ প্রকাশ করেননি। তবে গত দুই মাসে বিএনপি আগের পথের দিকে ফিরে আসার চেষ্টা করছে, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার দেখানো পথ। আতিক মনে করেন, তার ছোটবেলার পছন্দের দলের পাশে থেকে দেশের মানুষের জন্য নিজেকে উজার করতে পারলে ভালো লাগবে।
এর আগে ২৬ নভেম্বর ভিডিও বার্তায় আতিক ঘোষণা দেন, তিনি এনসিপিকে বয়কট করছেন। তিনি অভিযোগ করেন, এনসিপি বাউল ইস্যুতে মত প্রকাশের স্বাধীনতার কথা বললেও আল্লাহ তায়ালা ও রাসূল সম্পর্কে কটূক্তির বিষয়টি স্পষ্টভাবে নেবেনি। “একজন মুসলিম ঘরের সন্তান হিসেবে আমি এটি মেনে নিতে পারি না,” বলেন তিনি।
আতিকের ভাষায়, যতদিন এনসিপি ভুল স্বীকার করে তওবা করবে না, ততদিন তিনি দলের সকল কার্যক্রম বয়কট করবেন।