জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী যদি কোনোভাবে রাষ্ট্রক্ষমতায় আসে, বাংলাদেশ স্বাধীনতা হারাবে এবং সরাসরি পাকিস্তানে পরিণত হবে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নে বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ফজলুর রহমান দাবি করেন, জামায়াত ক্ষমতায় এলে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের বিভিন্ন এলাকায় পাকিস্তানি সেনা মোতায়েন হবে। ১৯৭১ সালের মতো অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে, সাধারণ মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে না, এবং দেশের মা-বোনদের সম্মানও বিপন্ন হবে। তিনি ভোটারদের অনুরোধ করেন, “আমাকে ভোট না দিলেও সমস্যা নেই, কিন্তু জামায়াতকে ভোট দিয়ে দেশকে পাকিস্তান বানাবেন না।”

তিনি জামায়াতের নেতাকর্মীদের আচরণকেও তীব্র সমালোচনা করেন। বলেন, একদিকে তারা দাবি করে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, অন্যদিকে নেতারা একই ব্যক্তিকে দেশছাড়া করার হুমকি দিচ্ছেন। তিনি এ ধরনের কর্মকাণ্ডকে চরম বেয়াদবি ও বেইমানি হিসেবে আখ্যায়িত করেন।

ফজলুর রহমান ভোটের প্রকৃত ফল নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, “সুষ্ঠু ভোট হলেও জামায়াত ১০ শতাংশ ভোট পাবে কিনা সেটিও প্রশ্ন।” তিনি যোগ করেন, জামায়াতের প্রকৃত কর্মী ও ভোটার কোথায় তা বোঝা মুশকিল।

নির্বাচনী প্রচারে ধর্মকে ব্যবহার করার অভিযোগ তুলে তিনি বলেন, জামায়াত প্রথমে বোরকা পরা নারীদের দিয়ে শিশুদের বিস্কুট ও চকলেট বিতরণ করে, পরে মায়েদের বলে, ভোট দিলে বেহেশতের টিকিট মিলবে। ফজলুর রহমান মন্তব্য করেন, বেহেশতের মালিক একমাত্র আল্লাহ, কেউ আল্লাহর জায়গায় শাস্তি দেবে চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970