আমি শহীদ জিয়ার সৈনিক, গায়ের জোরে হলেও বিএনপির রাজনীতি করব: স্বতন্ত্র প্রার্থী পিন্টু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম

ছবি: সংগৃহীত

পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু বলেছেন, “নির্বাচনের জয়-পরাজয় যাই হোক, নির্বাচনের পরও আমি বিএনপির রাজনীতি চালিয়ে যাব। আমি শহীদ জিয়ার সৈনিক, গায়ের জোরেই রাজনীতি করেছি, গায়ের জোরেই চালিয়ে যাব। প্রতিপক্ষ আমাকে রাজনীতি করতে দিতে চায়নি, তবু করেছি। এটা তারেক রহমানও জানেন।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী বাজারের পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পিন্টু বলেন, নির্বাচনী প্রচারণার সময় তরুণদের মধ্য থেকে ব্যাপক সাড়া পেয়েছেন এবং জয়ের বিষয়ে আশাবাদী। তবে ধানের শীষ প্রতীকের সমর্থকরা ভোটারদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি জানান, বিষয়টি প্রশাসনের কাছে অবহিত করা হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা। এতে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, পাকশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদার, দাশুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম কেনেডি মালিথাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

জানা গেছে, পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে জাকারিয়া পিন্টুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাবন্দি ছিলেন এবং গত ৫ আগস্ট মুক্তি পেয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970