সারাদেশে বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু, আহত অন্তত আরও ১২
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ১২ জন। শনিবার দুপুরে অধিকাংশ এলাকায় এসব ঘটনা ঘটে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সুনামগঞ্জে। জেলার চারটি উপজেলায় পৃথক ঘটনায় পাঁচজন নিহত হন। তারা সবাই হাওরে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হন বলে জানা গেছে। এছাড়া সেখানে আরও চারজন আহত হয়েছেন।
ময়মনসিংহে গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। একজন ধানক্ষেতে অবস্থানকালে এবং অপরজন নামাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হয়ে মারা যান।
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাছ ধরার সময় বজ্রপাতে দুইজন নিহত এবং অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোণার আটপাড়া উপজেলায় হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে এক কৃষক বজ্রপাতে নিহত হন। একইভাবে কিশোরগঞ্জের করিমগঞ্জে ধান কাটার সময় এক শ্রমিক এবং হবিগঞ্জের নবীগঞ্জে হাওরে কাজ করার সময় আরেক কৃষকের মৃত্যু হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।