বগুড়ায় এসএসসি পরীক্ষায় বিএনপি নেত্রীর হয়ে প্রক্সি, কলেজছাত্রী আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৩ পিএম

ছবি: সংগৃহীত

বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিএনপি নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন। আটক শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার দুপুরে বগুড়া জিলা স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। জানা যায়, তিনি বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনের পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পুলিশ ও কেন্দ্র সূত্রে জানা গেছে, দুপুর ২টা থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি (দ্বিতীয় বর্ষ) প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয়। জিলা স্কুল কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন নিপা খাতুন। তবে তার পরিবর্তে পরীক্ষায় বসেন তার ভাগ্নি ঈশিতা।

পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক উত্তরপত্রে স্বাক্ষর নেওয়ার সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার মিল না পেয়ে সন্দেহ করেন। পরে জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থী নিজের পরিচয় প্রকাশ করে এবং অন্যের হয়ে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন। এরপর কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

থানায় নেওয়ার পর ঈশিতা জানান, নিপা খাতুন তার খালা। পারিবারিক সম্পর্কের কারণেই তিনি খালার হয়ে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন।

তবে জালিয়াতির অভিযোগ অস্বীকার করে নিপা খাতুন দাবি করেন, পরীক্ষার সময় তিনি শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। অল্প সময়ের জন্য তিনি তার ভাগ্নিকে কেন্দ্রে বসিয়ে রেখেছিলেন এবং পরীক্ষা মূলত তিনিই দিচ্ছিলেন। তিনি এটিকে ভুল-বোঝাবুঝি বলে উল্লেখ করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী জানান, আটক শিক্ষার্থী বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970