ফরিদপুরে ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস, চালক পলাতক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ‘দশমিনা এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খালে পড়ে গেছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৫২ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড থেকে প্রায় ১০০ মিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার আগে বাসটি কয়েকবার নিয়ন্ত্রণ হারিয়ে দুলতে থাকে। পরিস্থিতি সামাল দিতে চালক বাসটিকে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ঠেকানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যেই বাসটি গাছ ভেঙে রাস্তার পাশের খালের পানিতে পড়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকার থেকে পটুয়াখালীর দশমিনাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশের খালে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আয়েশা আক্তার জানান, আহত ২১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970