এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:৩২ পিএম

ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরাফাত হোসেন রাব্বি নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়ায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ২২ বছর বয়সী আরাফাত হোসেন রাব্বি চৌগাছা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজের সহযোগিতা নিতে প্রতিবেশী সম্পর্কের মামাতো ভাই রাব্বির সঙ্গে যোগাযোগ করেন ওই শিক্ষার্থী। শনিবার উপজেলা নির্বাচন কার্যালয় বন্ধ থাকলেও বিষয়টি জানার পরও সকাল সাড়ে ৯টার দিকে তাকে চৌগাছা শহরে নিয়ে যান রাব্বি।

অভিযোগে বলা হয়েছে, পরে বিভিন্ন অজুহাতে ওই কলেজছাত্রীকে চৌগাছা পৌর এলাকার এক পরিচিত ব্যক্তির বাসায় নিয়ে গিয়ে শারীরিক নির্যাতনের পাশাপাশি ধর্ষণ করা হয়।

ঘটনার পর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে শিক্ষার্থী পুরো বিষয়টি পরিবারের সদস্যদের জানান। এরপর পরিবারের সদস্যরা তাকে নিয়ে চৌগাছা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর চৌগাছা থানার উপপরিদর্শক আব্দুস সাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত এজাহারের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে যশোর আদালতে পাঠানো হবে। একই সঙ্গে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় অন্যান্য আইনি কার্যক্রমও চলমান রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970