দুবাইয়ে বেনজীর আহমেদের জামিন বাতিলে কাজ করছে সরকার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:৪৭ পিএম
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ জামিনে মুক্তি পেলেও তার জামিন বাতিল করে দেশে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কঠোর শর্তসাপেক্ষে বেনজীর আহমেদ জামিন পেয়েছেন বলে সরকার জেনেছে। তার জামিন আদেশ বাতিলের লক্ষ্যে দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মামলার প্রত্যয়িত অনুলিপি সংগ্রহের চেষ্টা চলছে। প্রয়োজনীয় নথি হাতে পাওয়ার পর দ্রুত জামিন বাতিলের আবেদন করা হবে এবং তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে একই দিন দুপুরে বেনজীর আহমেদের জামিনে মুক্তির বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তর জানায়, এ বিষয়ে তাদের কাছে কোনো দাপ্তরিক তথ্য নেই। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলোই তথ্য দিতে পারবে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৩০ জুলাই তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
তবে জামিনে মুক্তি পেলেও তার ওপর কঠোর শর্ত আরোপ করেছে দুবাইয়ের আদালত। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জামিনের শর্ত হিসেবে তার পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা হয়েছে। আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। ফলে আপাতত দেশত্যাগের সুযোগ তার নেই।