টাঙ্গাইলের সখীপুরে কুকুরের আতঙ্ক, ২৪ ঘণ্টায় কামড়ে আহত ৫৪ জন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কুকুরের আক্রমণে ২৪ ঘণ্টায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত সময়ের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলেও ভ্যাকসিন সংকটের কারণে অনেকেই বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নির্দিষ্ট এই সময়ে ৫৪ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুই থেকে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই সখীপুর পৌরসভা, কালিয়া ইউনিয়ন, বহেড়াতৈল ইউনিয়ন, কাকড়াজান ইউনিয়ন ও গজারিয়া ইউনিয়নের বাসিন্দা। আহতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ২১ জন নারী রয়েছেন। এছাড়া ১০ বছরের নিচে ৯ জন শিশু এবং ৬০ বছরের বেশি বয়সী ৭ জন রয়েছেন।

জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে আরবী (৪), রাসেদা (৪৫) ও শাজাহান (৩৫) নামে তিনজন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসার পর থেকেই হঠাৎ করে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রাত পর্যন্ত সেই ধারা অব্যাহত থাকে এবং সোমবার সকালেও একই পরিস্থিতি দেখা যায়। এতে হাসপাতালে ভ্যাকসিন সংকট তৈরি হয়।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, হঠাৎ করে এমন কুকুরের আক্রমণে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। এভাবে চলতে থাকলে শিশুদের স্কুলে যাওয়া এবং সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়বে। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আরেক বাসিন্দা হানিফ সিকদার জানান, রাস্তায় বের হতে ভয় লাগছে, বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে সবাই দুশ্চিন্তায় আছেন। বেওয়ারিশ কুকুরগুলোকে দ্রুত নিয়ন্ত্রণ ও ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানান তিনি।

সখীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মো. সবুর রেজা বলেন, প্রতিদিনই নতুন করে মানুষ আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় হাসপাতালে ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে, ফলে রোগীদের চিকিৎসা নিতে সমস্যা হচ্ছে। দ্রুত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, ভ্যাকসিন সংকটের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও সবার জন্য ভ্যাকসিন সরবরাহ করা সম্ভব হয়নি। অনেকে বাইরে থেকে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিচ্ছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970