সড়কে পড়ে থাকা এসএসসি পরীক্ষার খাতা উদ্ধার, থানায় জমা দিলেন যুবক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩০ এএম
নরসিংদীর শিবপুর উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিনটি প্যাকেট খাতা উদ্ধার করেছেন এক যুবক। পরে তিনি খাতাগুলো থানায় জমা দেন।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন শিবপুর মডেল থানার উপপরিদর্শক মাসুদুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেতুর পাশে রাস্তার ধারে তিনটি বান্ডিল পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় নাসির উদ্দীনের ছেলে রাহিম মিয়া সেগুলো উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
পরদিন তিনি খাতাগুলো স্থানীয় একজনের কাছে দেখালে নিশ্চিত হন যে সেগুলো এসএসসি পরীক্ষার উত্তরপত্র। এরপর থানার সঙ্গে যোগাযোগ করে মঙ্গলবার সকালে তিনি খাতাগুলো শিবপুর মডেল থানায় জমা দেন।
রাহিম মিয়া বলেন, বাড়ি ফেরার পথে প্যাকেটগুলো পড়ে থাকতে দেখে তিনি সেগুলো নিয়ে যান। পরে পরীক্ষার খাতা বুঝতে পেরে প্রতিবেশীর পরামর্শে থানায় জমা দেন।
শিবপুর মডেল থানার উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, খাতাগুলো থানায় জমা দেওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে খাতাগুলো পুনরায় সিলগালা করে শিবপুর উপজেলা ডাকঘরে পাঠানো হয়।
পুলিশ জানায়, তিনটি সিলগালা প্যাকেটে ২৬ এপ্রিল অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের মোট ২৬৮টি খাতা ছিল। এসব খাতা নরসিংদীর মনোহরদী ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পরীক্ষার্থীদের।
প্রাথমিকভাবে জানা গেছে, ডাক বিভাগের মাধ্যমে ভৈরব পাঠানোর সময় ভ্যানগাড়ি থেকে খাতার প্যাকেট রাস্তায় পড়ে যায়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, খাতাগুলো অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে এবং পুনরায় ডাক বিভাগের মাধ্যমে যথাযথ স্থানে পাঠানো হয়েছে।