রাতে পরকীয়া প্রেমিকার বাড়িতে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পরকীয়া প্রেমিকার বাড়িতে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন শফি সিকদার নামে এক বিএনপি নেতা। পরে স্থানীয়দের উপস্থিতিতে উভয়ের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে উপজেলা বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ওই নারীর বাড়ি ঘেরাও করে শফি সিকদারকে আটক করেন।

শফি সিকদার কটামারা গ্রামের রহমান সিকদারের ছেলে এবং তিনি বাঁশতৈল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সোনালিয়া গ্রামের ওই নারী কয়েক মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একা বসবাস করছিলেন। তার সাবেক স্বামী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। এরই মধ্যে দুই সন্তানের জনক শফি সিকদারের সঙ্গে ওই নারীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, শফি প্রায়ই রাতে ওই নারীর বাড়িতে যেতেন। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে সোমবার রাতে স্থানীয় কয়েকজন গোপনে নজরদারির ব্যবস্থা করেন। রাত ১১টার দিকে তিনি বাড়িতে প্রবেশ করলে মধ্যরাতে স্থানীয়রা বাড়িটি ঘেরাও করে দুজনকে আটক করেন।

খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক নেতাকর্মীসহ শতাধিক মানুষ ঘটনাস্থলে জড়ো হন। এ সময় উত্তেজিত জনতা শফি সিকদারকে মারধর করে বলে স্থানীয়রা জানান।

পরে খবর পেয়ে মির্জাপুর বাঁশতৈল ফাঁড়ির উপ-পরিদর্শক আতাউর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরাও সেখানে উপস্থিত হন। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে ৫ লাখ টাকা কাবিন ধার্য করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে শফি সিকদারের আগের স্ত্রী ও সন্তানরা ঘটনাস্থলে এসে তাকে মারধর করেন বলেও জানা গেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

মির্জাপুর বাঁশতৈল ফাঁড়ির উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, জনতার হাতে আটকের খবর পেয়ে বিপুলসংখ্যক নারী-পুরুষ ঘটনাস্থলে জড়ো হয়। পরে রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলে পুলিশ সেখান থেকে চলে আসে।

এ ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (৯ জুন) উপজেলা বিএনপি শফি সিকদারকে দল থেকে বহিষ্কার করে। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970