‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:১৯ পিএম
সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর থেকে ডিপজল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও ডিপজলের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৫ জুন) রাতে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রামের বাসিন্দা ডিপজল আহমদ কয়েকজন যুবকের সঙ্গে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তবে ফেরার সময় বিএসএফ সদস্যদের ধাওয়ার মুখে অন্যরা বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও ডিপজল নিখোঁজ হয়ে যান।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে দাবি ওঠে, বিএসএফের গুলিতে ডিপজল নিহত হয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
বৃহস্পতিবার (১৮ জুন) বিজিবি ও বিএসএফের মধ্যে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্তের ওপারে কোনো গুলির ঘটনা কিংবা ডিপজলের নিখোঁজ হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
তিনি বলেন, ডিপজল আহমদের অবস্থান নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিএসএফও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
এদিকে নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ডিপজলের বিষয়ে সন্তোষজনক কোনো তথ্য না পাওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। পরে জনপ্রতিনিধি ও প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী (টিপু) বলেন, বিজিবির সঙ্গে বৈঠকের পরও বিএসএফ কোনো তথ্য দিতে পারেনি। তবে স্থানীয়দের মধ্যে উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করবেন।
এর আগে স্থানীয়দের ক্ষোভের মুখে ভারতের এক নাগরিককে সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে নিয়ে আসার অভিযোগ ওঠে। পরে বুধবার (১৭ জুন) বিজিবির মাধ্যমে ওই ব্যক্তিকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, একজন বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার দাবি স্থানীয়দের কাছ থেকে শোনা গেলেও এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
নিখোঁজ ডিপজল আহমদের সন্ধানে বিজিবি, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।