‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা, অতঃপর...
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:২৫ পিএম
পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের ঝিটকিখুড়া এলাকায় রাস্তার পাশ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বলে ধারণা করা একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) রাত পৌনে ১২টার দিকে স্থানীয় সালাম নামের এক ব্যক্তির বাড়ির পাশের পাকা সড়ক থেকে মর্টারশেলটি উদ্ধার করে পঞ্চগড় সদর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঝিটকিখুড়া এলাকার কয়েকজন শ্রমিক সদর উপজেলার মাঝিপাড়া সেতু সংলগ্ন চিলকা নদী থেকে বালু ও পাথর উত্তোলনের সময় মর্টারশেলটি খুঁজে পান। প্রথমে তারা সেটিকে গুপ্তধন মনে করে নিজেদের বাড়িতে নিয়ে যান এবং পরিষ্কার করার চেষ্টা করেন। পরে সেটি যুদ্ধের একটি অস্ত্র বলে বুঝতে পেরে রাস্তার পাশে ফেলে রেখে চলে যান।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মধ্যরাতে সদর থানার সহকারী পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আনোয়ার হোসেন (২৮), ফেরদৌস (২৪), মোমিনুল ইসলাম (৩০)সহ কয়েকজন শ্রমিক চিলকা নদী থেকে বালু ও পাথর উত্তোলনের সময় বস্তুটি উদ্ধার করেন। গুপ্তধনের আশায় তারা এটি বাড়িতে নিয়ে গেলেও পরে মর্টারশেল হিসেবে শনাক্ত করে রাস্তার ধারে ফেলে রাখেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করেছে।
তিনি আরও জানান, মর্টারশেলটি নিষ্ক্রিয় করতে রংপুর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি পুরোনো অস্ত্র।