মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে টানা দ্বিতীয় দিনের মতো মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের পলাশডাঙ্গা যুবশিবির স্মৃতিস্তম্ভ এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে আয়োজিত মিছিলে নবগঠিত জেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে দুপুরের দিকে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া অনেকেই মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কেউ কেউ পরিচয় আড়াল করতে মুখ ঢেকে রাখলেও দলীয় ব্যানারে সংগঠনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।