তাহাজ্জুদের নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাদরাসাছাত্র
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:৫১ এএম
নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজ আদায় করতে গিয়ে আকরাম হোসেন (১২) নামের এক মাদরাসাছাত্র মৃত্যুবরণ করেছে। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন।
মৃত আকরাম হোসেন লক্ষীপুরের কমলনগর উপজেলার ফারুক হোসেনের ছেলে। তিনি নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে মাদরাসার হেফজ খানায় তাহাজ্জুদের নামাজ পড়ার সময় আকস্মিক অসুস্থ হয়ে তিনি ঢলে পড়েন। সঙ্গে থাকা অন্য ছাত্ররা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলেও পথে তার মৃত্যু হয়।
মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন জানান, আকরাম ইতোমধ্যে ১৬ পারা কুরআন হেফজ সম্পন্ন করেছিল। প্রতিদিনের মতো সেদিনও সে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে। নামাজের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে আরেক ছাত্রের কোলে ঢলে পড়ে এবং সেখান থেকেই তাকে হাসপাতালে নেওয়া হয়।
শনিবার সকালে মাদরাসা মাঠে জানাজা শেষে আকরামের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান জানিয়েছেন, ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, তবে এ বিষয়ে কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।