নরসিংদীতে জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির হামলা, আহত ৩০
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পিএম
নরসিংদী-০২ আসনের মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত সভা শেষে সন্ধ্যা ৬টার দিকে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
হামলার প্রতিবাদে রাত ৯টার দিকে পলাশ উপজেলার বিভিন্ন স্থানে জামায়াতের শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।
দাড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন জানান, সভা চলাকালীন বিএনপির কিছু নেতাকর্মী স্টেজে গিয়ে বাধা সৃষ্টি ও গালিগালাজ করছিল। স্থানীয়দের হস্তক্ষেপে তারা সেখান থেকে সরে গেলেও সভা শেষে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন অভিযোগ করেন, হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন মেহেরপাড়া ইউনিয়ন তাতীদলের সভাপতি বখতিয়ার হোসেন, যুবদল নেতা ইফতিখার আলম, শাহরিয়ার, সিয়ামসহ অন্তত ৪০ জন। তিনি দ্রুত তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।