বাংলাদেশের সমর্থনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম
বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছে। দেশটি বিশ্বকাপ পুরোপুরি বর্জন করতে পারে বা ভারতের বিপক্ষে ম্যাচটি এড়িয়ে যেতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে আগামী শুক্রবার বা সোমবার।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ১০ ফেব্রুয়ারি বা তার পরের দিন বিষয়টি চূড়ান্ত করতে পারে। বিশ্বকাপে পাকিস্তানের প্রথম দুটি ম্যাচ যথাক্রমে ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস এবং ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এই ম্যাচগুলো জিতে সুপার এইটে উঠে গেলে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বর্জন করার সম্ভাবনা তৈরি হবে।
পাকিস্তান বিষয়টি নিশ্চিত করবে কি না—এ বিষয়ে দেশটির ‘হাম নিউজ’-এর সিনিয়র সাংবাদিক মুজাম্মিল সোহরাওয়ার্দী হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, “জনমত মনে করছে, পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলবে না। এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।”
তিনি আরও জানিয়েছেন, পাক-ভারত ম্যাচ থেকেই সম্প্রচারকারীরা মোট আয়ের প্রায় ৬২ শতাংশ আয় করে। যদি ম্যাচটি না হয়, তাহলে সম্প্রচারকারীরা প্রায় এক বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়বে, যা আইসিসির জন্য বড় ধাক্কা। তবে বিশ্বকাপে অংশ না নিলে পাকিস্তান ক্রিকেট বোর্ডও বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে, যা প্রায় ৩১৬ কোটি রুপি হতে পারে। মুজাম্মিল আশা করেছেন, সরকার পিসিবিকে ক্ষতিপূরণ দেবে।
অন্যদিকে সাবেক তারকা ক্রিকেটাররা বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষে মত দিয়েছেন। মুজাম্মিল বলেন, “ওরা ধারাভাষ্য দিয়ে অর্থ উপার্জন করে, তাই খেলতে বলবেই।”