দেশের রিজার্ভ বেড়ে ৩২.৪৮ বিলিয়ন ডলার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ এএম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়ে এখন ৩২.৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৭.৮২ বিলিয়ন ডলার।
গত ১১ ডিসেম্বর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২.১২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২৭.৪৫ বিলিয়ন ডলার। এর আগে, ৯ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তির পর গ্রস রিজার্ভ ছিল ৩১.১৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২৬.৪৪ বিলিয়ন ডলার।
নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিয়োগ করলে প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।