সরকারি কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমার কথা: অর্থমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৩৫ এএম
সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলে দুর্নীতির প্রবণতা কমার কথা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দীর্ঘ ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন হয়নি।
শুক্রবার (১২ জুন) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট প্রস্তাবনার বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী জানান, বৈশ্বিক সংকটের কারণে স্পট মার্কেট থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি তেল আমদানি করতে হচ্ছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় তেল, গ্যাস ও সারের মজুত বাড়ানোর বিষয়ে সরকার গুরুত্ব দেবে।
তিনি বলেন, গত দেড় দশকে প্রণীত বাজেটগুলোতে জনগণের প্রত্যাশার পূর্ণ প্রতিফলন ঘটেনি। তার মতে, মাত্র দেড় থেকে দুই মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ বাজেট প্রস্তুত করা যথেষ্ট নয়। তবে এবারের বাজেট সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় রেখে প্রণয়ন করা হয়েছে।
মূল্যস্ফীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, শুধু পুলিশি ব্যবস্থা দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কার্যকর নীতি গ্রহণ এবং সুশাসন ও ব্যবস্থাপনার উন্নতির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
এ সময় তিনি আরও বলেন, সরকার নৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার চেষ্টা করছে, যাতে কোনো ধরনের অপচয় না হয়। সেই লক্ষ্য সামনে রেখেই উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।