ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে চার দিন আটকে রেখে ধর্ষণ এবং পরে হত্যার অভিযোগে এক ফটোগ্রাফার ও তার বাবা-মায়ের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক মো. মনিরুজ্জামানের আদালতে নিহত তরুণীর বড় বোন রাজিয়া সুলতানা মামলাটি দায়ের করেন।

বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত অভিযোগের বিষয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মামলার আসামিরা হলেন ফটোগ্রাফার নামীম আশরাফ মনি, তার বাবা আশরাফউদ্দিন এবং মা শাহনাজ বেগম।

মামলার অভিযোগে বলা হয়েছে, নিহত সাদিয়া ইয়াসফিয়া (২৪) পেশায় একজন মেকআপ শিল্পী ছিলেন। অন্যদিকে নামীম আশরাফ (৩৭) ফটোগ্রাফার হিসেবে কাজ করতেন। ২০২৪ সালে একটি অনুষ্ঠানের আলোকচিত্র ধারণের সময় তাদের পরিচয় হয়। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন এবং বিষয়টি দুই পরিবারের সদস্যরাও জানতেন। এর ধারাবাহিকতায় গত ৬ জুন সাদিয়ার পরিবারের সদস্যরা বিয়ের প্রস্তাব নিয়ে গেন্ডারিয়ার ঢালকানগর গলিতে নামীমের বাসায় যান। তবে সেখানে নামীমের বাবা-মা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং এ বিষয়ে চাপ প্রয়োগ করলে পরিণতি ভালো হবে না বলে হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার আবেদনে আরও বলা হয়, গত ১০ জুন রাতে নামীম আশরাফ সাদিয়াকে আদাবরের শেখেরটেক ১২ নম্বর সড়কে অবস্থিত নিজের ফটো স্টুডিওতে নিয়ে যান। সেখানে তাকে পরিবারের সদস্যদের কাছে বান্ধবীর বাসায় অবস্থান করছেন বলে জানাতে বাধ্য করা হয়।

বাদীর দাবি, ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সাদিয়াকে ওই স্টুডিওতে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে ১৪ জুন তাকে হত্যা করা হয়। ঘটনার পর এটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করে নিজেকে আড়াল করার চেষ্টা করেন প্রধান আসামি নামীম আশরাফ।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, পুলিশের সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং ধর্ষণের আলামত পাওয়া গেছে।

এসব অভিযোগের প্রাথমিক ভিত্তিতে আদালত মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970