বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, প্রজ্ঞাপন জারি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ মোস্তাকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, Bangladesh Bank Order, 1972 (President's Order No. 127 of 1972)-এর ১০(৫) ধারা অনুযায়ী মোস্তাকুর রহমানকে তাঁর যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব নেওয়ার আগে তাকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
গভর্নর হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে বেতন ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। নতুন গভর্নর মোস্তাকুর রহমান বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুর-কে স্থলাভিষিক্ত করবেন।
মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বি.কম (সম্মান) এবং ১৯৮৮ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে পেশাদার যোগ্যতা অর্জন করে বর্তমানে ফেলো মেম্বার হিসেবে আছেন।
তিনি জ্যেষ্ঠ ফাইন্যান্সিয়াল গভর্ন্যান্স বিশেষজ্ঞ এবং করপোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাপনায় ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন। ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট, কৃষি-ভিত্তিক এন্টারপ্রাইজ ও শিল্প উদ্যোগে বিনিয়োগ তদারকি ও আর্থিক পরিকল্পনারও বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে।
বর্তমানে মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিজিএমইএ, রিহ্যাব, আটাব, এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর বিভিন্ন কমিটিতে কাজ করেছেন।