সর্বকালের রেকর্ড ছাড়ালো বিটকয়েনের দাম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৩:২৫ পিএম
সর্বকালের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে বিটকয়েনের দাম। বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল মুদ্রাটির দাম এখন দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ডলার-যা বিটকয়েনের ইতিহাসে সর্বোচ্চ।
রোববার (৫ অক্টোবর) বিটকয়েনের দাম ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে এই অবস্থানে পৌঁছে। এটি গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।
এর আগে, গত আগস্ট মাসে বিটকয়েনের দাম ১ লাখ ২৪ হাজার ডলার ছাড়িয়েছিল। ঐতিহ্যগতভাবে অক্টোবর মাসকে বিটকয়েনের জন্য শক্তিশালী মাস হিসেবে দেখা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুকূল নীতিমালা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধিই দাম বাড়ার অন্যতম কারণ।
বিশ্লেষকদের মতে, ক্রিপ্টোকারেন্সির বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসছে। পাশাপাশি বিকল্প সম্পদ হিসেবে বিটকয়েনের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, যা দাম বৃদ্ধিতে প্রভাব ফেলছে।
ব্লুমবার্গ জানায়, বিশ্বজুড়ে যখন শেয়ারবাজার, সোনা কিংবা পোকেমন কার্ডের মতো জিনিসপত্রের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাচ্ছে, তখন বিটকয়েনের দাম বৃদ্ধি আশ্চর্যের নয়। ডলারের অবমূল্যায়নের আশঙ্কা থেকেই এই প্রবণতা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।