রাশিয়া শান্তি চায় না, কিয়েভে রাতভর হামলাই তার প্রমাণ: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইউক্রেনের নতুন করে শান্তি আলোচনা শুরুর প্রস্তুতির মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে প্রায় ১০ ঘণ্টা ধরে চলা এই হামলায় অন্তত দুজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া আদৌ শান্তি চায় না—কিয়েভে এই হামলাই তার প্রমাণ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পথে নিজের টেলিগ্রাম চ্যানেলে তিনি এ মন্তব্য করেন। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে ট্রাম্পের প্রস্তাবিত নতুন ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাজধানীর জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে তীব্র শীতের মধ্যে কিয়েভ ও আশপাশের এলাকায় প্রায় ৪০ শতাংশ আবাসিক ভবনের হিটিং ব্যবস্থা অচল হয়ে পড়েছে। ইউক্রেনের উন্নয়নবিষয়ক মন্ত্রী ওলেক্সি কুলেবা এ তথ্য নিশ্চিত করেছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেই দূরপাল্লার নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, কিয়েভের দিকে প্রায় ৫০০টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা বেসামরিক অবকাঠামোকেও ক্ষতিগ্রস্ত করেছে।

হামলার ঘটনায় রাজধানীর পূর্বাঞ্চলের দারনিতস্কি এলাকায় একটি প্রবীণ নিবাস থেকে ৬৮ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া কিয়েভে বিবিসির এক সাংবাদিকের অ্যাপার্টমেন্ট ভবনেও হামলার খবর পাওয়া গেছে, যদিও তিনি অক্ষত আছেন।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেন থেকে ছোড়া প্রায় ২০০টি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, যার মধ্যে মস্কোর আকাশে আটটি ড্রোনও ছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970