হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান ড. কামাল খারাজি আর নেই। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আহত হওয়ার পর বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।
তার পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ১ এপ্রিল একই হামলায় তার স্ত্রীও নিহত হন বলে জানিয়েছে প্রেস টিভি।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দীর্ঘ রাজনৈতিক ও জনসেবামূলক জীবনে ড. কামাল খারাজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান ছাড়াও ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০০৬ সালে প্রতিষ্ঠিত বৈদেশিক সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদ ইরানের একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ও উপদেষ্টা সংস্থা। এটি সরাসরি দেশের সর্বোচ্চ নেতার কাছে প্রতিবেদন দেয় এবং বৈদেশিক নীতির দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ড. কামাল খারাজি ১৯৯৭ সালের ২০ আগস্ট থেকে ২০০৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দেশটির অভিজ্ঞতা নির্ণয় ও সমন্বয় পরিষদের সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন।