মোজতবার চেহারা বিকৃত হয়ে গেছে, পায়ের আঘাতও বেশ উদ্বেগজনক: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় গুরুতর আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। হামলার পর তার চেহারা বিকৃত হয়ে গেছে বলে জানা গেছে। পাশাপাশি তার পায়ে গুরুতর আঘাত রয়েছে, তবে এক পা নাকি দুই পা জখম হয়েছে—এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

৫৬ বছর বয়সী মোজতবা ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন এবং মানসিকভাবে সচেতন রয়েছেন। শারীরিক অবস্থার মধ্যেও তিনি নিয়মিত অডিওর মাধ্যমে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছেন। ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইরানি প্রতিনিধিদের সম্ভাব্য বৈঠকসহ সাম্প্রতিক নানা গুরুত্বপূর্ণ আলোচনায়ও তিনি এভাবে যুক্ত ছিলেন।

ইসলামাবাদে অবস্থানরত মোজতবার ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাতে শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। যদিও তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলেও সেগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামলার পর এবং ৮ মার্চ তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তার কোনো ছবি, ভিডিও বা অডিও প্রকাশ করা হয়নি। ফলে তার অবস্থান, শারীরিক অবস্থা এবং নেতৃত্বদানের সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

মোজতবার সার্বিক অবস্থা জানতে জাতিসংঘে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

গত দুই দশক ধরে ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে। এ ইস্যুতে ফেব্রুয়ারির প্রথম থেকে শেষ পর্যন্ত টানা আলোচনা চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়।

এর পরদিনই ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র, একই সময়ে ইসরায়েলও পৃথক অভিযান চালায়। যুদ্ধের প্রথম দিনেই নিহত হন দীর্ঘ ৩৭ বছর ক্ষমতায় থাকা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন এবং মোজতবা খামেনি গুরুতর আহত হন।

পরবর্তীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে গত ১২ মার্চ একটি রুশ সামরিক বিমানে করে মস্কো যান মোজতবা। বর্তমানে তিনি সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্র: রয়টার্স

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970