জনগণের ইস্পাতকঠিন ঐক্য আছে, ইরানের বিজয় নিশ্চিত: মাসুদ পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন রয়েছে এমন দাবি সরাসরি নাকচ করেছে তেহরান। দেশটির সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে একের পর এক বার্তায় জাতীয় ঐক্যের অবস্থান স্পষ্ট করা হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ইরানে কোনো কট্টরপন্থি বা মধ্যপন্থি বিভাজন নেই। সবাই ইরানি এবং বিপ্লবী। রাষ্ট্র ও জনগণের ইস্পাতকঠিন ঐক্য এবং সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যের মাধ্যমে তারা আক্রমণকারীদের পরাজিত করতে সক্ষম হবে।
তিনি আরও লেখেন, এক স্রষ্টা, এক জাতি, এক নেতা ও এক পথ এই বিশ্বাসে ইরান অটল এবং দেশের বিজয় নিশ্চিত।
এর আগে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে অভ্যন্তরীণভাবে চরম বিশৃঙ্খলার মধ্যে রয়েছে এবং দেশটির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ট্রাম্পের এই বক্তব্যকে ‘বিভাজন সৃষ্টি করে শাসনের কৌশল’ হিসেবে আখ্যা দিয়ে ইরানের কূটনীতিক ও সামরিক কর্মকর্তারা বলেন, দেশটি এখন সর্বোচ্চ নেতার নেতৃত্বে সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ।
তেহরান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইরানের সব প্রশাসনিক ও সামরিক শাখা এখন একক নেতৃত্বের অধীনে সমন্বিতভাবে কাজ করছে বলে দাবি করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা